সিনিয়র রিপোর্টার: আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘বিন্দুমাত্র আস্থা নেই’। তবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে তেহরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারতের নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আব্বাস আরাগচি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের কারণে ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, কেবল তখনই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসবে, যখন মার্কিন প্রশাসন আলোচনার বিষয়ে সত্যিকার অর্থে আন্তরিক ও ‘সিরিয়াস’ অবস্থান নেবে।
তিনি বলেন, লোকদেখানো সংলাপ বা চাপ প্রয়োগের কৌশল ইরান গ্রহণ করবে না। পারস্পরিক সম্মান ও বাস্তবসম্মত পদক্ষেপ ছাড়া কোনো আলোচনা ফলপ্রসূ হবে না।
ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তেহরান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। কারণ, ইরান মনে করে সংঘাত নয়, কূটনৈতিক আলোচনাই সমস্যার একমাত্র টেকসই সমাধান হতে পারে।
তবে ওয়াশিংটনের প্রতি গভীর অবিশ্বাস কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের আচরণ ও নীতিগত অবস্থান ইতিবাচক আলোচনার পরিবেশকে দুর্বল করে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই আরাগচির এই বক্তব্য তেহরানের বর্তমান কূটনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে।
রিপোর্টার্স২৪/বাবি