স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারে তথ্য সহায়তা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, কেউ যদি সেই ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০০৮৯৩০৫) তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
বার্তায় বলা হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন চারুকলা এক্সটেনশন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে জঙ্গলে ধর্ষণচেষ্টা করা হয়।
এ ঘটনায় ১৩ মে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও অভিযুক্ত ব্যক্তির চেহারা শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাবি। শুক্রবার (১৫ মে) রাত ১টা থেকে সেখানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। শনিবার (১৬ মে) সকালে শিক্ষার্থীদের আন্দোলনে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার আলটিমেটাম দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব