| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় স্কুলে হামলা, বহু শিক্ষার্থী অপহরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ২২:২৫:৪৪:অপরাহ্ন  |  ৮৪০ বার পঠিত
নাইজেরিয়ায় স্কুলে হামলা, বহু শিক্ষার্থী অপহরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে একটি স্কুলে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। 

শনিবার (১৬ মে) স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে আসকিরা-উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি অ্যান্ড জুনিয়র সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। ক্লাস চলাকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা উবাইদাল্লাহ হাসান রয়টার্সকে বলেন, সকাল ৯টার দিকে হামলাকারীরা স্কুলে ঢুকে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী পাশের ঝোপে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেককে ধরে নিয়ে যাওয়া হয়।

স্কুলের এক শিক্ষক জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় সংসদ সদস্য মিদালা উসমান বালামি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীদের উদ্ধারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই সশস্ত্র বিদ্রোহ ও অপহরণের ঘটনায় অস্থির নাইজেরিয়ার উত্তরাঞ্চল। বিশেষ করে বোরনো রাজ্যকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্যতম ঘাঁটি হিসেবে ধরা হয়। ২০১৪ সালে চিবোক থেকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে দেশটি।

বিশ্লেষকদের মতে, সরকারি নিয়ন্ত্রণ দুর্বল থাকা গ্রামীণ এলাকাগুলোতে অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ আদায়ের বড় মাধ্যম হয়ে উঠেছে।

এদিকে শুক্রবার পৃথক আরেক ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়ো রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয় থেকেও কয়েকজন শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অপহরণকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

কয়েক সপ্তাহ আগেও কোগি রাজ্যের রাজধানী লোকোজার একটি এতিমখানায় হামলা চালিয়ে অন্তত ২৩ শিশুকে অপহরণ করে বন্দুকধারীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪