আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা নিয়ে সতর্ক করার পর নিজেদের ‘সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র’ হিসেবে পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান জানায় বলে জানিয়েছে এএফপি।
বিবৃতিতে বলা হয়, তাইওয়ান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং এটি কোনোভাবেই চীন বা গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়। একই সঙ্গে তাইওয়ান-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা ও মার্কিন অস্ত্র বিক্রিকে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করা হয়।
সম্প্রতি ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠক করেন। ওই সফরে শি জিনপিং তাইওয়ানকে সমর্থন না দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান বলে জানা গেছে। সফর শেষে ট্রাম্প তাইওয়ান ইস্যুতে নতুন করে ভাবার ইঙ্গিত দিলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়।
চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ডের অংশ দাবি করে আসছে। বিপরীতে তাইওয়ান নিজেদের স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা শুধু নিরাপত্তা প্রতিশ্রুতির প্রতিফলন নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেও কার্যকর ভূমিকা রাখছে।