আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার সুযোগ দিতে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি কমেছে।
মঙ্গলবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি কমে ১১০ ডলারের সামান্য ওপরে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে তেলের ফিউচার মূল্য কমে ব্যারেলপ্রতি ১০৩ ডলারে দাঁড়িয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক তেল ব্যবসায়ীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের অস্থিরতার ঝুঁকি সৃষ্টি করে। মূলত এ উদ্বেগ থেকেই সাম্প্রতিক সময়ে তেলের বাজার ঊর্ধ্বমুখী ছিল।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ আপাতত স্থগিতের ইঙ্গিত আসায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।