আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও “চমক” অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইরান আরও কার্যকর প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে। তবে আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।
এ ছাড়া গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ৬১টি নৌযান আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলমান থাকলেও অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা এখনো কমেনি। বিশেষ করে গাজা, লেবানন ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করছে।
রিপোর্টার্স২৪/বাবি