রাবি প্রতিনিধি: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং নারীর প্রতি চলমান সহিংসতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত বিচার এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জাস্টিস ফর রামিসা’, ‘তনু থেকে আছিয়া-রামিসা, তারপর আর কত?’ এবং ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না!’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এসময় মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, রামিসা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও নারী ও শিশুদের ওপর সহিংসতার বহু ঘটনা ঘটেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকার নানা উদ্যোগের কথা বললেও বাস্তবে অনেক নারী ও শিশু নিজেদের নিরাপদ মনে করছেন না।
তিনি আরও বলেন, রামিসাসহ নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সব সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাজকর্ম বিভাগের শিক্ষক রুমানা আক্তার বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক। আজ রামিসা, কাল অন্য কোনো শিশু—এ শঙ্কা নিয়ে পরিবারগুলো থাকতে পারে না। শিশুদের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে মানুষের আগ্রহ ও গুরুত্ব কমে যায়। তাই দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুর্শেদা রহমান বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো সমাজের নৈতিক সংকটের বহিঃপ্রকাশ। ধর্মীয় ও মানবিক উভয় দৃষ্টিকোণ থেকেই শিশু ও নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
রিপোর্টার্স২৪/বাবি