আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘বড় ভক্ত’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভারত যা চাইবে, তাই পাবে।
রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর।
ফোনালাপে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ। তিনি আমার বন্ধু। তিনি আরও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ।
ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন, ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে।
এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ারবাজারের প্রশংসা করেন এবং মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের “সেরা পররাষ্ট্রমন্ত্রী” বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে সার্জিও গর ভবিষ্যতে নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গেছে।
এদিকে ভারত সফরে থাকা মার্কো রুবিও বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করর সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত মতবিরোধ সত্ত্বেও দুই দেশ এখন সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করছে।