স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে তিনি মনে করেন।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি না আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে। আমাদের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আমার ধারণা, তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লিকে পাঠানো চিঠির প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ওই চিঠির জবাব আসবে বলে তিনি আশা করেননি। তিনি বলেন, উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা জানান, তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে জানানো হয়, এতে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে চুক্তিটি হলেও এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। তার ভাষায়, এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।
জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপস্টেট’ সক্রিয় ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পৃথিবীর প্রায় প্রতিটি ঘটনার সঙ্গেই কোনো না কোনোভাবে ডিপস্টেট জড়িত থাকে।
রিপোর্টার্স২৪/বাবি