আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ ইরানে চালানো সর্বশেষ হামলায় ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাতে বলা হয়, হামলাগুলো ‘আত্মরক্ষার উদ্দেশ্যে’ পরিচালিত হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম বজায় রেখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে।
এ হামলার খবর এমন সময়ে এলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে সংঘাত নিরসনে তাৎক্ষণিক কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একইসঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির ওপর এ হামলার প্রভাব কী হতে পারে, তাও এখনো স্পষ্ট নয়।