| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিনে মুক্ত আ.লীগ নেতা পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯৬৯১ বার পঠিত
জামিনে মুক্ত আ.লীগ নেতা পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: জামিনে মুক্ত আ.লীগ নেতা পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর মো. সাঈদ হোসেন জসিম নামের এক আওয়ামী লীগ নেতাকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। এরপর একটি পুলিশি পিকআপ ভ্যানে করে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার হওয়া জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি পেশায় একজন ঠিকাদার এবং পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, সাঈদ হোসেনকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘তিনটি মামলায় কারাভোগের পর আমি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বা অভিযোগ নেই। এ সময় তিনি পুলিশের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চান।

এর আগে গত ৩ এপ্রিল রাতে পুরাতন বাজার এলাকার একটি বাসা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিলেন।

জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় আরেকটি মামলাতেও তার নাম রয়েছে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪