স্টাফ রিপোর্টার: একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে গৃহকর্মীর কাজ করতেন। আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। সেই কলিতা মাঝিই এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হওয়া বিজেপি বিধায়ক কলিতা মাঝি সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী (মিনিস্টার অব স্টেট) হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথের পর তিনি বলেন, এখন তার দায়িত্ব শুধু নির্বাচনী এলাকা নয়, পুরো পশ্চিমবঙ্গ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির পক্ষ থেকে আউশগ্রাম আসন থেকে নির্বাচিত কলিতা মাঝি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে স্থান পেয়েছেন। শপথ গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন।
কলিতা মাঝি বলেন, “একসময় আমি মাসে মাত্র আড়াই হাজার রুপি আয় করতাম। এখন পুরো রাজ্যের দায়িত্ব আমার কাঁধে। এটা আমার জন্য অনেক বড় অর্জন।”
তিনি আরও বলেন, “মোদিজি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। কোনোদিন ভাবিনি আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো আরও দূরের বিষয়। ২০১৪ সাল থেকে বিজেপির হয়ে কাজ করছি। প্রথমবার বিধায়ক হওয়ার পর পুরো মনোযোগ ছিল নিজের এলাকার উন্নয়নে। এখন দায়িত্ব আরও বেড়েছে।”
জানা গেছে, পারিবারিক আর্থিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন কলিতা মাঝি। সংসারের খরচ চালাতে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। তার স্বামী একজন প্লাম্বার এবং তাদের ছেলে পার্থ বর্তমানে স্কুলে পড়াশোনা করছে।
বুথ পর্যায়ের কর্মী হিসেবে বিজেপিতে রাজনৈতিক জীবন শুরু করেন কলিতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হলেও তিনি জয়ী হতে পারেননি। তবে ২০২৬ সালের নির্বাচনে দ্বিতীয়বার সুযোগ পেয়ে আউশগ্রাম আসন থেকে বিজয়ী হন।
সোমবার কলকাতার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিসভার সম্প্রসারণে ৩৫ জন নতুন সদস্য শপথ নেন। তাদের মধ্যে ১৩ জন মন্ত্রিসভার সদস্য, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
এই সম্প্রসারণের ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব