ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এসময় লেবানন থেকে ছোড়া আরও তিনটি প্রজেক্টাইল ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার (১ জুন) উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠার পর এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্টাইল আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মেতুলা অঞ্চলে দুটি সন্দেহজনক আকাশযান শনাক্ত করা হয়েছে বলেও দাবি করা হয়।
সোমবার শুধু উত্তর ইসরায়েলেই অন্তত ছয়বার সতর্কতা সাইরেন বেজেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির অপারেশন রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এর একদিন আগে ইসরায়েল দাবি করে, তারা বিউফোর্ট দুর্গ দখল করেছে এবং সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, লেবাননের লিতানি নদী অঞ্চল ঘিরে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের।
উল্লেখ্য, ১৯৮২ থেকে ২০০০ সাল পর্যন্ত বিউফোর্ট দুর্গ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। দক্ষিণ লেবাননে অবস্থানকালে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত ইসরায়েল। সূত্র : আল জাজিরা ও দ্য গার্ডিয়ান
রিপোর্টার্স২৪/ধ্রুব