| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে কারখানায় মিটার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯৫৬১ বার পঠিত
রূপগঞ্জে কারখানায় মিটার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
ছবির ক্যাপশন: রূপগঞ্জে কারখানায় মিটার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু : ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মো. শফিকের ছেলে মো. আব্দুল হান্নান (৫০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার মৃত মো. রফিকের ছেলে কবির হোসেন (৪৫)।

তারা দুজনই রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী ছিলেন।

গত ১ মে সকালে কারখানাটির উৎপাদন বন্ধ থাকা অবস্থায় গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে—এ তথ্য জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ডা. শাওন বলেন, “শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির। সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। এর আগে রাত ২টা ৪০ মিনিটে আইসিইউতে মারা যান হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।”

অগ্নিকাণ্ডে কারখানার চারজন নিরাপত্তাকর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামের একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।

আগুন লাগার ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন বলেন, মে দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে চারজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হন।

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয় বলেও জানান তিনি।

তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

তিনি বলেন, ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আমরা ফলোআপ রাখছি। তবে কোনো পক্ষ চাইলে এই ঘটনায় মামলা করতে পারেন।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪