চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৯ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনের দীর্ঘ অভিজ্ঞতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
রিপোর্টার্স২৪/ মিতু