আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
এক বিবৃতিতে অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন বিমানবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব বিমান সেখানে অবতরণের কথা ছিল, সেগুলো অন্য বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী পাসও স্থগিত রাখা হয়েছে।
পঞ্চাশের দশক থেকে ব্যবহৃত হয়ে আসা বোয়িংয়ের তৈরি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। ‘দ্য বাফ’ নামে পরিচিত এই বিমানটি প্রায় ৭০ হাজার পাউন্ড সমরাস্ত্র বহনে সক্ষম। এতে সাধারণ বোমার পাশাপাশি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রও বহন করা যায়।
সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচজন ক্রু সদস্য দায়িত্ব পালন করেন। দুর্ঘটনাকবলিত বিমানটিতে কতজন ছিলেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেস সদস্য জে ওবারনোলটে বলেন, দুর্ঘটনায় জড়িত ক্রু সদস্য, তাদের পরিবার এবং উদ্ধারকর্মীদের জন্য তিনি প্রার্থনা করছেন।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: বিবিসি