| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে মতপার্থক্য তীব্র হচ্ছে

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ২২:৩৩:৩৪:অপরাহ্ন  |  ১৭১৮ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে মতপার্থক্য তীব্র হচ্ছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও বৃহত্তর সমঝোতার পথে এগিয়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ আরও প্রকট হয়ে উঠেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তি ইসরায়েলের যুদ্ধকালীন প্রধান লক্ষ্যগুলো পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছে তেল আবিব।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু আশা করেছিলেন ট্রাম্পের সঙ্গে যৌথ সামরিক পদক্ষেপ ইরানের ধর্মীয় শাসনব্যবস্থাকে দুর্বল করবে এবং দেশের অভ্যন্তরে নির্বাচন সামনে রেখে তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। কিন্তু যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে চাওয়া ট্রাম্পের অবস্থানের কারণে দুই নেতার মধ্যে দূরত্ব বাড়ছে।

একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, “এই চুক্তি ইসরায়েলের জন্য ভয়াবহ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত নেতৃত্বের মধ্যে এমন কেউ নেই, যিনি এটিকে ইতিবাচকভাবে দেখছেন।”

নতুন সমঝোতায় অস্বস্তিতে ইসরায়েল

যুক্তরাষ্ট্র বলছে, ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে পূর্ণাঙ্গ চুক্তির জন্য আলোচনা হবে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

তবে ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, আলোচনার সময়সীমা আরও বাড়তে পারে, যা সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের হাত বেঁধে দেবে। একই সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ উদ্বেগগুলোও অমীমাংসিত থেকে যেতে পারে।

এছাড়া যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ও নেতানিয়াহু যে দুটি বিষয়কে অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছিলেন—ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করা—সেগুলোও আসন্ন আলোচনার এজেন্ডায় নেই বলে ধারণা করা হচ্ছে।

লেবানন ইস্যুতে বারবার সংঘাতে ট্রাম্প ও নেতানিয়াহু

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননে হিজবুল্লাহবিরোধী অভিযান সীমিত করতে ইসরায়েলের অনীহার কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে।

মাসের শুরুতে এক ফোনালাপে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে বৈরুতে হামলা না চালানোর নির্দেশ দেন। সেদিন হামলা স্থগিত করা হলেও এক সপ্তাহ পর বৈরুতের দক্ষিণাঞ্চলে আবার হামলা চালায় ইসরায়েল, যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ট্রাম্প প্রকাশ্যে উভয় পক্ষের সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেও ইসরায়েল আবার বৈরুতে হামলা চালায়। ট্রাম্প ওই ঘটনাকে “ছোট ও তেমন গুরুত্বপূর্ণ নয়” বলে মন্তব্য করেন।

‘ইসরায়েল এই চুক্তির বাধ্যবাধকতায় আবদ্ধ নয়’

সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্বীকার করেন, তার সঙ্গে ট্রাম্পের মাঝে মাঝে মতপার্থক্য হয়েছে।

তিনি বলেন, “তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গি এক হয়, আবার অনেক সময় হয় না। আমি ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষার দায়িত্বে আছি।”

নেতানিয়াহু জানান, ইসরায়েল দক্ষিণ লেবাননে নিজেদের বাহিনী রাখবে এবং হিজবুল্লাহর হামলার জবাব দেওয়ার স্বাধীনতা বজায় রাখবে।

তিনি বলেন, “ইরান চাইছিল আমরা সেখান থেকে সরে আসি, কিন্তু আমি দৃঢ় অবস্থানে ছিলাম। আমরা আমাদের স্বাধীন পদক্ষেপের ক্ষমতা এবং উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপত্তার জন্য নিরাপত্তা অঞ্চল বজায় রাখছি।”

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আর রাজনৈতিক সুবিধা দিচ্ছে না

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে নতুন সমঝোতা নেতানিয়াহুর দীর্ঘদিনের সেই দাবি দুর্বল করে দিয়েছে যে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে অন্য নেতাদের চেয়ে আলাদা সুবিধা দেয়।

বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী জনাথন রাইনহোল্ড বলেন, “নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন না। তার জন্য সবচেয়ে ভালো সম্ভাবনা হবে, যদি ৬০ দিনের মধ্যে আলোচনা ব্যর্থ হয় এবং যুদ্ধ ইসরায়েলের অনুকূলে আবার শুরু হয়।”

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বর্তমানে মাত্র ৪১ শতাংশ ইহুদি ইসরায়েলি মনে করেন, ট্রাম্প ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। মার্চ মাসে এই হার ছিল ৬৪ শতাংশ।

এদিকে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, ইরান যদি আবার পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় সক্রিয় করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে একাই পদক্ষেপ নেবে ইসরায়েল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪