| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ০৩:১০:৩২:পূর্বাহ্ন  |  ১২২৮ বার পঠিত
হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এসব হামলায় লেবাননে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর জেরেই তিন দিন আগে খোলা হওয়া হরমুজ প্রণালি পুনরায় বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান। সামরিক কমান্ড সতর্ক করে বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ মাত্র; হামলা চলতে থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে আইডিএফের অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। তবে দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর ধারাবাহিকতায় আগামীকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

১৪ দফা সমঝোতা স্মারকের প্রথম ধাপেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। ফলে সুইজারল্যান্ডে নির্ধারিত বৈঠকও বিলম্বিত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শিগগিরই আলোচনায় যোগ দিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ জ্যেষ্ঠ নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকর্তারা রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪