রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, গত সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। একই সঙ্গে প্রযোজনা দলের আরও অনেক সদস্যও এখনো তাদের পাওনা বুঝে পাননি।
ফেসবুক পোস্টে পারসা জানান, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি এ বিষয়ে কথা বলছেন। তার অভিযোগ, যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক পরিশোধ—সব ক্ষেত্রেই তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।
অভিনেত্রী বলেন, তিনি আংশিক পারিশ্রমিক পেলেও এখনো পুরো অর্থ পাননি। তবে নিজের পাওনার চেয়ে প্রযোজনা দলের অন্য সদস্যদের বকেয়া নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। বিশেষ করে প্রোডাকশন বয় এবং নতুন শিল্পীদের প্রাপ্য অর্থ পরিশোধ না হওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
পারসার ভাষ্য, আমি নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কী হবে? নতুন যারা ভালো কাজের আশায় কঠোর পরিশ্রম করছে, তারা কি তাদের প্রাপ্যটুকুও পাবে না?
সহকর্মী ও সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি পরামর্শ দেন, কোনো কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া এবং সব আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা উচিত। একই সঙ্গে শিল্পাঙ্গনে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গণমাধ্যমকে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে তিনি গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে কাজ করেছিলেন। তার দাবি, ওই কাজের পারিশ্রমিক এখনো পুরোপুরি পরিশোধ করা হয়নি। একই সঙ্গে অন্য শিল্পী ও প্রযোজনা দলের সদস্যদেরও বকেয়া রয়েছে।
অভিনেত্রীর দাবি, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বস্ত করেছিলেন যে ২৮ জুন সব বকেয়া পরিশোধ করা হবে। তবে নির্ধারিত দিনেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বিষয়টি তিনি ইতোমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে অবহিত করেছেন।
তবে এ বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম