আন্তর্জাতিক ডেস্ক: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই গ্রেফতার করা হবে না।”
ট্রাম্পের এ মন্তব্য আসে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক বক্তব্যের পর। দ্য নিউইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে মামদানি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের বিষয়টি শহরের আইন বিভাগ বিবেচনা করছে।
মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং এ বিষয়ে অনেকেই একমত।
এর জবাবে ট্রাম্প বলেন, নেতানিয়াহু এমন একটি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, যা ইরানের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্ষতি করে আসছে। তার মতে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তারা হলো ইরানের নেতৃত্ব।
২০২৪ সালের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার, বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা, হত্যা, নিপীড়ন এবং অন্যান্য মানবতাবিরোধী কর্মকাণ্ড।
এই তদন্তের সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া যুদ্ধকে কেন্দ্র করে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইসিসি ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করেছে নেতানিয়াহুর কার্যালয়।
বিবৃতিতে বলা হয়, আইসিসির যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাগরিকদের ওপর কোনো এখতিয়ার নেই এবং নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে তারা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করে।
এছাড়া মেয়র মামদানির উদ্দেশে বলা হয়, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মন্তব্য করার পরিবর্তে নিউইয়র্ক শহরের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানে মনোযোগ দেওয়া উচিত।