| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যন্তর মন্তর ছাড়লেন আন্দোলনকারীরা

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১৯:১২:০৮:অপরাহ্ন  |  ১৬৯ বার পঠিত
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যন্তর মন্তর ছাড়লেন আন্দোলনকারীরা

আশিস গুপ্ত, নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের সরকারি আশ্বাসের পর দিল্লির যন্তর মন্তরে টানা ৪৯ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার ঘোষণা দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। 

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের পরপর তিন দফা আলোচনার পর শনিবার (২৫ জুলাই) এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। 

বৈঠক শেষে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের দেওয়া প্রতিশ্রুতি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়িত হবে— এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। 

গত ৬ জুন শুরু হওয়া এই দীর্ঘ আন্দোলনে শিক্ষার্থীদের তিনটি মূল দাবি ছিল: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং এনইইটি  প্রশ্ন ফাঁসের কারণে প্রাণ হারানো পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান। শনিবার সকালেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে তাঁদের প্রথম দাবিটি পূরণ হয়। 

সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষে জানানো হয়, দিল্লি ছাড়াও বিজেপি শাসিত এবং জোটসঙ্গীদের নিয়ন্ত্রণাধীন সমস্ত রাজ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা ১৫ থেকে ২০টি এফআইআর প্রত্যাহারে সম্মত হয়েছে কেন্দ্র। এ বিষয়ে একটি লিখিত গ্যারান্টি খসড়া সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, যা আগামী মঙ্গলবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হবে। 

এছাড়া এনইইটি কাণ্ডে প্রাণ হারানো পরীক্ষার্থীদের পরিবারকে প্রচলিত নিয়ম অনুযায়ী সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার রাজি হয়েছে বলে নিশ্চিত করেছেন সিজেপি প্রতিনিধি আশুতোষ রাঙ্কা। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরীক্ষা পদ্ধতির উন্নতির জন্য একটি ৫-দফা দাবি সনদ সরকারের কাছে পেশ করেছে সিজেপি। 

কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আশ্বাস দিয়েছেন যে সরকার এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে এই কাঠামোগত সংস্কারের বিষয়গুলি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আবারও বৈঠকে বসবে। সরকারি আশ্বাস বাস্তবায়নের আশাতেই ৪৯ দিনের এই ঐতিহাসিক ছাত্র-আন্দোলনে আপাতত ইতি টানল সিজেপি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪