আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রোমে বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। আগামী ৪ থেকে ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর সিএনএনের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বৈঠকে জুনের শেষ দিকে ঘোষিত ফ্রেমওয়ার্ক চুক্তি পুরোপুরি বাস্তবায়নের বিষয়টি অগ্রাধিকার পাবে। পাশাপাশি দক্ষিণ লেবাননে আরও ‘পাইলট জোন’ সম্প্রসারণ, সীমান্তসংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির পথে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে।
এই বৈঠকের আগে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের প্রথম পাইলট জোনের নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করেছে বলে জানানো হয়। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন।
মার্কিন কর্মকর্তা বলেন, প্রথম পাইলট জোনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ধাপে ধাপে আরও পাইলট জোন চালুর পথ তৈরি হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘোষিত ফ্রেমওয়ার্কই দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর পথ।
রোমের বৈঠকে মূলত চুক্তির বাস্তবায়ন ও নিরাপত্তা ব্যবস্থার কারিগরি বিষয় নিয়ে আলোচনা হলেও, এর মাধ্যমে ইসরায়েল-লেবানন সম্পর্কের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ভিত্তি তৈরির চেষ্টা করা হবে।