ইন্টারন্যাশনাল ডেস্ক: এএফপি জানায়, ইরানের অভ্যন্তরে হামলার কাজে মার্কিন যুদ্ধবিমানগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটি ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল আবারও হামলার শিকার হলে দেশটি সর্বশক্তি নিয়ে এর জবাব দিতে প্রস্তুত রয়েছে।
ইসরায়েলের ডানপন্থী চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, বাস্তবতা হলো, এই মুহূর্তে—যদিও পরিস্থিতি এক ঘণ্টার মধ্যেই বদলে যেতে পারে—ইরানিরা এই অঞ্চলের এমন একটি দেশ বাদে বাকি সবকিছুর ওপর গোলাবর্ষণ করছে: আর সেই দেশটি হলো ইসরায়েল রাষ্ট্র।
মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন ও ঘাঁটি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, তারা (ইরান) ভালোভাবেই জানে যে মার্কিন বিমানগুলো হামলা পরিচালনার জন্য আমাদের এখান থেকেই উড্ডয়ন করছে।
ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাটজ বলেন, এর মানে এই নয় যে আমরা জানি আগামীকাল ঠিক কী ঘটবে; তবে এর অর্থ হলো, আমরা জানি আমাদের পরবর্তী প্রতিক্রিয়া কী হবে। আমি নিজেই এটি ঘোষণা করেছি, প্রধানমন্ত্রীও এটি স্পষ্ট করেছেন এবং আমরা একেবারে পরিষ্কার করে দিয়েছি: যদি ইসরায়েল আক্রমণের শিকার হয়, তবে আমরা পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানব। সূত্র- ডন
রিপোর্টার্স২৪/ধ্রুব