| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ভন্ডুল করতে পারে চীন-রাশিয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২৩:৪৬:৪৩:অপরাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ভন্ডুল করতে পারে চীন-রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: তেহরানের বিরুদ্ধে বিধ্বংসী অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অধীনে তেহরানকে বাণিজ্য সহায়তা দেওয়া দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার চীন ও রাশিয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই চাপ প্রয়োগের সক্ষমতা অত্যন্ত সীমিত। ফলে তেহরানকে বিশ্বমঞ্চে পুরোপুরি একঘরে করার ট্রাম্পের এই পরিকল্পনা সফল হওয়া বেশ কঠিন।

আলজাজিরার একটি বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ইতোমধ্যে বিশাল মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক কাঠামোর বাইরে বাণিজ্য পরিচালনা করছে। অন্যদিকে চীনও অতীতে বারবার প্রমাণ করেছে, নিজেদের স্বার্থ ক্ষুণ্ন করে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে তারা মোটেও ইচ্ছুক নয়।

কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ বলেন, সাধারণত বহুপক্ষীয় সমন্বয়ের মাধ্যমে যেভাবে কার্যকর নিষেধাজ্ঞা দেওয়া হয়, ট্রাম্প সেখানে একতরফাভাবে একই ধরনের ফল পেতে চাইছেন। এর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়াকে পাশে পাওয়া আবশ্যক, যা বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব। 

মার্কিন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা 

বেইজিং ও তেহরানের দীর্ঘদিনের বাণিজ্য পথ বন্ধ করা ওয়াশিংটনের জন্য মোটেও সহজ হবে না। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের মোট রপ্তানিকৃত তেলের ৮০ শতাংশই কিনেছে চীন। এসব তেল পরিশোধন করা চীনা প্রতিষ্ঠানগুলো স্বাধীন এবং মার্কিন ব্যাংকিং কাঠামোর বাইরে কাজ করে।

চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক ইউ জিয়ে বলেন, ‘ট্রাম্পের এই হুমকি চীনের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে কোনো বড় প্রভাব ফেলতে পারবে না। ট্রাম্পও বর্তমান পরিস্থিতিতে মার্কিন-চীন বাণিজ্য সম্পর্ক ঝুঁকিতে ফেলতে চান না।’

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জটি আরও ভিন্ন। চীনের তুলনায় মস্কোর সঙ্গে তেহরানের বাণিজ্যের পরিমাণ কম হলেও, তারা পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থা এড়িয়ে বিকল্প সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। তেল বাণিজ্যের বাইরে কাস্পিয়ান সাগর দিয়ে দুই দেশের মধ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জামের লেনদেন অব্যাহত রয়েছে। রাশিয়া ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকায় ওয়াশিংটনের কাছে নতুন করে মস্কোকে চাপে ফেলার সুযোগ কম।

এদিকে, মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এটি ওয়াশিংটনের ব্যর্থ নীতিরই পুনরাবৃত্তি, যা আমেরিকার জন্য নতুন পরাজয় ডেকে আনবে।

এদিকে, পশ্চিমা অবরোধের বিকল্প হিসেবে ব্রিকস জোটকে কাজে লাগাতে চাইছে ইরান। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিশ্চিত করেছেন, ইরান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের প্রক্রিয়া শুরু করেছে এবং ডলারের প্রভাব কমাতে সদস্য দেশগুলোর সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেনের নীতি গ্রহণ করছে। 

একপক্ষীয় নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর সর্বকালের কড়া নিষেধাজ্ঞার সমর্থনে বেইজিংকে মার্কিন প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো একপক্ষীয় চাপ তারা মেনে নেবে না। মুখপাত্র লিন জিয়ান বলেন, অন্যায্য চাপ বা নিষেধাজ্ঞা দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানো যাবে না। বরং সব পক্ষকে দায়িত্বশীল হয়ে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এগোনো উচিত। 

চুক্তি করবে তেহরান: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, অর্থনৈতিক অবরোধই ইরানের বিরুদ্ধে তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ‘ক্লে অ্যান্ড বাক শো’ পডকাস্টে তিনি বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক চাপ ইরানকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে।

ইরানের আঞ্চলিক প্রভাব দুর্বল করতে তাদের মিত্র হিজবুল্লাহর অর্থায়ন ও বাণিজ্যিক নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, তেহরানের প্রক্সি সংগঠনগুলোকে ধ্বংস করার মাধ্যমেই ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা সম্ভব। 

কাতারের কাছে ৪৫০ কোটি ডলারের বিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র

কাতারের কাছে চারটি কেসি-৪৬এ জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। প্রায় ৪৫০ কোটি ডলারের এই চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষা এবং কাতারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪