চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হল ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত ‘শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আলাওল হল সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সংস্কৃতিচর্চা মানুষের বিকাশের হাতিয়ার।’
তিনি বলেন, সমাজের অসংগতি দূর করতে হলে শুধু মানুষের পরিবর্তন নয়, সামাজিক কাঠামো ও সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।
তিনি বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের প্রীতিভোজের জন্য নিজ বরাদ্দ থেকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।
বিশেষ অতিথি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল টুর্নামেন্টের আয়োজকদের শুভেচ্ছা জানান। তিনি আলাওল হল মাঠে ফুটবল ম্যাচ উপভোগের কথা উল্লেখ করে মাঠসহ খেলার পরিবেশের উন্নয়নে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক জমালুল আকবর চৌধুরী অতিথি, আয়োজক, বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আলাওল হলকে একটি সুন্দর ও মনোরম আবাসিক হলে রূপ দিতে কাজ চলছে। হল মাঠ সংস্কারসহ সার্বিক পরিবেশ উন্নয়নের উদ্যোগও অব্যাহত থাকবে।
তিনি আরও ঘোষণা দেন, পরবর্তী সময়ে আলাওল হলে আয়োজিত সব ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়া খেলোয়াড়দের স্পোর্টস বুট দেওয়া হবে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের খেলাধুলায় এগিয়ে নিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব