বিনোদন রিপোর্টার : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির কাজিন আবু সাহেদ রাসেল। শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
সোমবার (৩০ জুন) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, আমি গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই যে আমাদের সাথে আমাদের বাসায় থাকত একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একটি নোহা গাড়ি ২ থেকে ৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নীচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।
তিনি আরও লেখেন, হাসপাতাল ওকে ভর্তি নেয়নাই , কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা এই সব হিসেব। একজন মানুষের জীবন তাদের কাছে মুল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।
মাহি আরও লেখেন, আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত একজন মানুষের জীবন, না টাকা-পয়সার হিসেব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে? এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব—সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই কাল আপনার ।
মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।
তিনি ফেসবুক পোষ্টে আরও লেখেন, আমার ভাই টা চলে গেল ওকে মেরে ফেলল আর আমরা কিছুই করতে পারলাম না ।
রিপোর্টার্স২৪/আরএইচ