| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করল ইসরায়েলি বাহিনী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ২৩:১৩:০২:অপরাহ্ন  |  ২৩৭ বার পঠিত
২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করল ইসরায়েলি বাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার (৪ অক্টোবর) জেনিন ও নাবলুসে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। একই সময়ে বিভিন্ন এলাকায় বাড়িঘরে তল্লাশি চালিয়ে আরও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রবিবার ভোরে জেনিনের দক্ষিণে আরাবা শহরে সাংবাদিক রাজা মারুফ জাবরের বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। বাড়িতে ঢুকে তছনছ করার পর তাকে আটক করা হয়।

অন্যদিকে, নাবলুসের দক্ষিণ-পশ্চিমে আসিরা আল-কিবলিয়া গ্রামে রাতের অভিযানে সাংবাদিক সামি আল-শামিকে আটক করা হয়। তার সঙ্গে গ্রামের আরও পাঁচ বাসিন্দাকেও ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

এর আগে ১৪ সেপ্টেম্বর বেথলেহেমের তুকু এলাকার কাছে একটি তল্লাশিচৌকি থেকে প্রেস টিভির সংবাদদাতা নাকা হামেদকে আটক করা হয়েছিল। দামুন কারাগারে বন্দী থাকার পর ৪ অক্টোবর মুক্তি পান ৩৮ বছর বয়সী এই সাংবাদিক।

জেনিনের পশ্চিমে কাফর দান এলাকায় বাড়িঘরে অভিযান চালিয়ে আহমেদ আবদুল জব্বার সালাহ ও মোহাম্মদ আহেদ সালাহকে আটক করা হয়। নাবলুসের পুরোনো শহরের আল-কারইউন মহল্লা থেকেও দুজনকে আটক করা হয়েছে। কাবাতিয়া ও জেনিন শরণার্থীশিবিরেও ধরপাকড়ের খবর পাওয়া গেছে।

জাতিসংঘ সতর্ক করেছে, অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি চরম সংকটের মুখে। সংস্থাটির হিসাবে, ২০২৬ সালে প্রায় ২৬০টি ফিলিস্তিনি জনপদে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে-এমন ১ হাজার ৪৩০টির বেশি বসতি স্থাপনকারীদের হামলা নথিভুক্ত হয়েছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে ১২৭টি ফিলিস্তিনি জনপদ পুরোপুরি বা আংশিক বাস্তুচ্যুত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ হাজার ৩ ৯০ জনের বেশি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪