নিজস্ব প্রতিবেদক: অভিনয় ও শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন প্রতিভাবান অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। বহুল প্রশংসিত পোয়েটিক ফিল্ম “বৃষ্টিতে আর জল নেই”-এ অনবদ্য অভিনয়ের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ‘স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড ’এর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে বরেণ্য শিল্পীদের তাঁদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন আমির পারভেজ এবং সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নুর। অনুষ্ঠানে অভিনেতা পাভেল আল মামুন জনপ্রিয় অভিনেত্রী ও র্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে তাঁর অর্জিত সম্মাননা পদক গ্রহণ করেন।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাভেল আল মামুন বলেন, “বৃষ্টিতে আর জল নেই” ছিল একটি অসম্ভব যাত্রা, পুরো টিমের কঠোর পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। এ সময় তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্দেশক আমির পারভেজের প্রতি। তিনি বলেন, আমীর পারভেজ তাকে এই চরিত্রের জন্য তৈরি করেছেন।
শিল্পকলা একাডেমির এই বর্ণাঢ্য আয়োজনে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মুখর করে তোলে। পাভেল আল মামুনের এই সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব