রিপোর্টার্স২৪ ডেস্ক :
অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব ‘‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’’ নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ২০০৯ সালে প্রথম কিস্তি এবং ২০২২ সালে দ্বিতীয় কিস্তি ‘‘দ্য ওয়ে অব ওয়াটার’’ মুক্তির পর আসছে এই নতুন অধ্যায়। সিনেমাটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর ২০২৫।
২৯ জুলাই ইউটিউবে অফিসিয়ালি ‘‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’’-এর ট্রেলার ডিজনি প্রকাশ করে।
জেমস ক্যামেরনের পরিচালনায় তৃতীয় পর্বে প্যান্ডোরায় (একটি থিমযুক্ত এলাকা) নতুন এক জাতির আগমন ঘটেছে তাদের নাম ‘‘অ্যাশ পিপল’’। আগের পরিচিত জাতিগুলোর তুলনায় তারা অনেক বেশি হিংস্র ও ক্ষমতালালসায় পূর্ণ।
এই কিস্তিতে আগুন এসেছে ধ্বংসের প্রতীক হয়ে। আগ্নেয়গিরির তাপঘন এলাকায় বসবাস করে অ্যাশ পিপলরা, আর আগুনকে নিয়ন্ত্রণ করার শক্তিও রাখে তারা। জ্যাক সুলি ও নেতিরিদের শান্তিপূর্ণ জীবনে এই জাতি নিয়ে আসে চরম বিপর্যয়। আগ্রাসী এই জাতির বিরুদ্ধে শুরু হয় কঠিন লড়াই। তাদের আস্তানায় আগুন ধরিয়ে দেয় অ্যাশ পিপলদের নেত্রী “ভারাং”। এই ভিলেন চরিত্রটি নির্মাতা জেমস ক্যামেরন তুলে এনেছেন ভয়ঙ্কর রূপে, যার ভূমিকায় আছেন “গেম অব থ্রোনস” খ্যাত অভিনেত্রী ওনা চ্যাপলিন। প্রথম দুই পর্বের মতো এবারও মূল চরিত্রে থাকছেন স্যাম ওয়ার্থিংট (জ্যাক সুলি) ও জো সালদানা (নেতিরি)
‘"ফায়ার অ্যান্ড অ্যাশ" নিয়ে জেমস ক্যামেরন বলেন, “এই পর্বে প্যান্ডোরার অজানা অনেক দিক উন্মোচিত হবে। দর্শক পাবেন চোখ জুড়ানো ভিজ্যুয়াল আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের এক নতুন অভিজ্ঞতা। আবেগের গভীরতা আগের যেকোনো কিস্তির চেয়েও বেশি থাকবে। যেসব চরিত্রকে দর্শক দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছে, এবার তাদের দেখা যাবে এক সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে।”
পরিচালক জানান, মূলত ‘‘দ্য ওয়ে অব ওয়াটার’’ ও "ফায়ার অ্যান্ড অ্যাশ" একসঙ্গে লেখা হয়েছিল একটি সিনেমা হিসেবে। তবে গল্প বড় হয়ে যাওয়ায় দুই ভাগে ভাগ করা হয়।
উল্লেখ্য, ‘‘অ্যাভাটার’’ ও ‘‘দ্য ওয়ে অব ওয়াটার” মিলিয়ে সিনেমাগুলো আয় করেছে ৫.২ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় কিস্তি মুক্তির পর আরও দুটি কিস্তি মুক্তি পাবে ২০২৯ ও ২০৩১ সালে।
এবারের পর্ব শুধু ভিজ্যুয়াল ইফেক্ট (একটি প্রক্রিয়া, যেখানে চলচ্চিত্র বা ভিডিও প্রযোজনার সময় দৃশ্যধারণের বাইরে কম্পিউটার গ্রাফিক্স বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে চিত্র তৈরি বা পরিবর্তন করা হয়।) আর গল্পে নয়- ভবিষ্যতের প্যান্ডোরার দিকে এক বড় উঁকি দেবে বলে আশাবাদী দর্শক ও নির্মাতারা।
.
রিপোর্টার্স২৪/এস