| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে অভিযানের ৬ ঘণ্টা পর আইভী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৩৭৩৪ বার পঠিত
অবশেষে অভিযানের ৬ ঘণ্টা পর আইভী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: অবশেষে অভিযানের ৬ ঘণ্টা পর আইভী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক নাটকীয়তা ও কর্মী-সমর্থকদের রাতভর প্রতিরোধের পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভীর দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইভীর বাসভবনের দিকে যাওয়া চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাতভর অবস্থান নেন।

এ সময় বাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তাদের (পুলিশ) বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।’

এদিকে, বাড়ির বাইরের রাস্তায় অবরোধ ও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে ভেতরে ঢোকা পুলিশের দলটি এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১২টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। রাতভর পুলিশ আইভীর কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন এবং পরে ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এই খবর জেনে বাড়ির চারপাশে অবস্থান নিতে শুরু করে এলাকাবাসী। এসময় আশপাশের মসজিদগুলোয় পুলিশ আসার খবর প্রচার করা হয়। কয়েক শ মানুষ কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪