| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় ক্রিকেটারের জামিন

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৩৩৭৭ বার পঠিত
হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় ক্রিকেটারের জামিন
ছবির ক্যাপশন: হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় ক্রিকেটারের জামিন

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার আল আমিনকে জামিন দিয়েছেন আদালত। মামলার বাদী নিজেই আদালতে জামিনের আবেদন জানালে আদালত এ রায় দেন। বুধবার (৭ মে) গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে ক্রিকেটার আল আমিনের জামিন মঞ্জুর করা হয়। মামলার বাদী এবং গাজীপুর জেলা ও মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক খন্দকার আল আমিন নিজেই তার জামিনের আবেদন করেছিলেন।

গত ৫ মে হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন হিসেবে ক্রিকেটার আল আমিনকে গ্রেফতার করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেফতারের প্রতিবাদে অনেকেই সরব হন। বিষয়টি স্থানীয় এনসিপি নেতাকর্মীদের নজরে আসলে তারা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। মামলার বাদী খন্দকার আল আমিন জানান, হাসনাত আবদুল্লাহ নির্দেশ দেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত নন কিন্তু পুলিশি হয়রানির শিকার হচ্ছেন, তাদের ছাড়ানোর ব্যবস্থা করতে হবে।

খন্দকার আল আমিন বলেন,‘আমরা যখন জানতে পারি তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তখনই আমরা হাসনাত ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি আমাদের নির্দেশ দেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত না কিন্তু পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তাদের ছাড়ানোর ব্যবস্থা করতে হবে।’ পরে আল আমিনের স্থায়ী জামিনের আবেদন করা হলেও আদালত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের পর বুধবার রাতেই কারাগার থেকে মুক্তি পান ক্রিকেটার আল আমিন। বাদী খন্দকার আল আমিন আরও বলেন,‘আমরা আমাদের নিজ উদ্যোগে তাকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি।’

এদিকে এ মামলায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীদেরও জড়ানো হয়েছে এমন অভিযোগ এনে শ্রীপুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় মামলায় নিরপরাধ কাউকে না ফাঁসানোর দাবিও জানানো হয়। বিষয়টি নিয়ে মামলার বাদী আল আমিন বলেন,‘যারা আওয়ামী লীগের সময়ে অর্থের যোগান দিয়েছেন তারাই এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছেন।’ তবে তিনি পুনরায় উল্লেখ করেন, হাসনাত আব্দুল্লাহ নিরপরাধ কাউকে আইনি ঝামেলায় না জড়ানোর নির্দেশ দিয়েছেন, এবং তারা সেটি বাস্তবায়ন করবেন।

প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার রাত পর্যন্ত পুলিশ মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪