সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার। অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। তিনি যেই রোডম্যাপ দিয়েছেন, সেই রোডম্যাপেই নির্বাচন হতে পারে। এতে জামায়াতের কোন আপত্তি নাই। কিন্তু সংস্কার শেষ না করেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। নির্বাচনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেসবের সমাধান করুন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি আরও বলেন, দেশের মানুষও সংস্কার চায়। কিন্তু এই সংস্কার প্রক্রিয়ায় একটি দল নোট অফ ডিসেন্ট। তার মানে কি আপনারা সংস্কার চান না? এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছি, একইভাবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
তাহের বলেন, ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। আমরা কখনো আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না। যারা এই ফেয়ার পিআর সিস্টেমের বিরোধিতা করছে, তারা সেই কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরিকল্পনা করছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, যারা পিআর চাচ্ছেন, আসেন, আলোচনা হোক। দেশের জন্য যেটা কল্যাণকর হবে, সেটাই গ্রহণ করা হবে। কিন্তু মতের সংঘর্ষ ভালো কিছু বয়ে আনে না। আমরা নির্বাচন কমিশনকে বলবো, পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।
রিপোর্টার্স২৪/ধ্রুব