| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিটেনের ১২টি অঞ্চলের ৪৮ রেস্তোরাঁ পেল ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ সম্মাননা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৬ ইং | ০১:৫৯:০৫:পূর্বাহ্ন  |  ১১৭৪৫ বার পঠিত
ব্রিটেনের ১২টি অঞ্চলের ৪৮ রেস্তোরাঁ পেল ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ সম্মাননা

যুক্তরাজ্য প্রতিনিধি: ব্রিটেনের বাংলাদেশি রন্ধনশিল্প, ক্যাটারিং ও আতিথেয়তা খাতের সাফল্য উদ্‌যাপনে লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম বার্ষিক অ্যাওয়ার্ডস ও গালা ডিনার ২০২৬। বুধবার (৪ নভেম্বর) লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক হাজার অতিথির উপস্থিতিতে ব্রিটিশ-বাংলাদেশি হসপিটালিটি খাতের উদ্যোক্তা, রেস্তোরাঁ ব্যবসায়ী, শেফ, রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে যাওয়া এ আয়োজন পরিণত হয় ব্রিটেনের বাংলাদেশি রন্ধনশিল্পের এক বৃহৎ মিলনমেলায়। এতে প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি উদীয়মান প্রতিভা ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

টকটিভির সম্প্রচারক ইয়ান কলিন্স এবং একাধিক পুরস্কারজয়ী সংবাদ উপস্থাপক ও সাংবাদিক আনিলা ধামির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিসিএর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওলি খান এমবিইর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বক্তব্য দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত, সংসদ সদস্য সীমা মালহোত্রা, কেভিন বোনাভিয়া, রূপা হক, স্যার জেমস ক্লেভারলি ও ড্যানিয়েল জেইচনার। এ ছাড়া বক্তব্য দেন লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড কোরবান হোসেন, লর্ড রামি রেঞ্জার সিবিই, বিসিএর সাধারণ সম্পাদক টিপু রহমান, কোষাধ্যক্ষ ফয়জুল হক, অ্যাওয়ার্ডস কমিটির আহ্বায়ক ও সেলিব্রিটি শেফ আতিক রহমান এমবিই এবং প্রেস ও পাবলিকেশনস সেক্রেটারি নাজ ইসলামসহ বিশিষ্টজনেরা। তাঁরা বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এবারের আয়োজনে ১২টি অঞ্চলের ৪৮টি রেস্তোরাঁকে ‘রেস্টুরেন্ট অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশি রেস্তোরাঁ ও হসপিটালিটি খাতের উদ্যোক্তা, শেফ, ব্যবসায়ী এবং শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ‘বিসিএ অনার্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয় সংসদ সদস্য কেভিন বোনাভিয়া, ব্রিক লেনের উদ্যোক্তা আবদুল জব্বার এবং মানবাধিকারকর্মী ড. নাজিয়া খানম ওবিইকে। জনসেবা, ব্যবসা ও কমিউনিটির প্রতি তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

বিসিএ সভাপতি ওলি খান এমবিই বলেন, ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের এত মানুষের একত্র হওয়া অত্যন্ত আনন্দের। এ অ্যাওয়ার্ডস শুধু শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নয়, বরং শিল্পের সঙ্গে যুক্ত মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং তাঁদের যৌথ ঐতিহ্য উদ্‌যাপনেরও একটি উপলক্ষ। বিজয়ীদের অর্জন এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক টিপু রহমান বলেন, শিল্পের মানোন্নয়নে অবদান রাখা রেস্তোরাঁ ও ব্যক্তিদের স্বীকৃতি দিতে বিসিএ অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি হসপিটালিটি খাতের অবদান তুলে ধরার পাশাপাশি সহকর্মীদের মধ্যে অভিজ্ঞতা ও অর্জন ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কোষাধ্যক্ষ ফয়জুল হক বলেন, প্রতিটি সফল রেস্তোরাঁর পেছনে উদ্যোক্তা ও কর্মীদের কঠোর পরিশ্রম রয়েছে। এসব প্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহকারীদের সহায়তা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অ্যাওয়ার্ডসের মাধ্যমে তাঁদের পরিশ্রম ও উদ্যোক্তা মনোভাবের যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

প্রেস ও পাবলিকেশনস সেক্রেটারি নাজ ইসলাম বলেন, ব্রিটেনে বাংলাদেশি রন্ধনশিল্পের বিকাশে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের মানুষ, গল্প ও ঐতিহ্যের উদ্‌যাপন ছিল এবারের আয়োজন। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের পাশাপাশি নতুন প্রতিভাদের স্বীকৃতি দেওয়া এ শিল্পের ভবিষ্যৎ অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাবে।

অ্যাওয়ার্ডস কমিটির আহ্বায়ক ও সেলিব্রিটি শেফ আতিক রহমান এমবিই বলেন, এ আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ও হসপিটালিটি শিল্পের মানুষকে একত্র করেছে। একই সঙ্গে ব্রিটেনে এ শিল্পের অসামান্য অবদান তুলে ধরার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে ঐতিহ্য এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দিয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের পক্ষ থেকে শুভেচ্ছা ও সমর্থনবার্তা পাঠানো হয়, যা অনুষ্ঠানের স্মরণিকায় প্রকাশিত হয়েছে। বাকিংহাম প্যালেস থেকে পাঠানো বার্তায় রাজা অ্যাওয়ার্ডসের প্রশংসা করে আয়োজনের সাফল্য কামনা করেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর বার্তায় সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্রিটিশ অর্থনীতি ও স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশি হসপিটালিটি ব্যবসার অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘ পথচলা, অর্জন ও সাফল্যের প্রতিফলন ঘটেছে এ আয়োজনের মধ্য দিয়ে। বিসিএর সভাপতি ওলি খান এমবিই, সাধারণ সম্পাদক টিপু রহমান এবং কোষাধ্যক্ষ ফয়জুল হকের নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতেও বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্য ও অর্জন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) দীর্ঘদিন ধরে ব্রিটেনের বাংলাদেশি রেস্তোরাঁ ও ক্যাটারিং শিল্পের প্রতিনিধিত্ব করে আসছে। সংগঠনটি যুক্তরাজ্যে প্রায় ১২ হাজার বাংলাদেশি রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসার স্বার্থ সংরক্ষণ এবং ব্রিটিশ অর্থনীতি ও মূলধারার সমাজে বাংলাদেশি কমিউনিটির অবদান তুলে ধরতে কাজ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪