লক্ষ্মীপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র দেশ,নির্বাচন কিংবা গণতন্ত্র নিয়ে নয়; এটি তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। এইসব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সভাটি অনুষ্ঠিত হয়।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, বিএনপি বিগত ১৬ থেকে ১৭ বছর আন্দোলন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য একমাত্র দল, বিএনপি কাজ করছে। আগামী দিনে নির্বাচন ও গণতন্ত্রের জন্য বিএনপিকে লড়াই করতে হবে। সংগ্রাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।
রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. মো. হাছিবুর রহমান, বিএনপি নেতা অ্যাড. হারুনুর রশিদ বেপারি প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব