সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, সরকারের নীতিমালা ভিত্তিতে সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে এটাই হচ্ছে মৌলিক কথা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদ গ্রহণের ক্ষেত্রে কোনো কোনো দল কিছুটা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করছে। তার সঙ্গে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে। আমরা মনে করি এই জাতি যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, জুলাই সনদ যারা মানবে না এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতক।
তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি হবে। সেখানে আমরা স্পষ্ট করে বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। এ বিষয়ে একটি দুটি দল ছাড়া বাকি সব দল যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমরা সকলে একমত।
রিপোর্টার্স২৪/ধ্রুব