ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বিতর্কিত ধর্মীয় আলোচক ডঃ জাকির নায়েক মরনব্যাধি এইডসে আক্রান্ত হয়েছেন, এমন একটি খবর ঘুরছে সামাজিক মাধ্যমে। গত দুই সপ্তাহ ধরে এমন খবর প্রকাশ হয়েছে ভারত ও পাকিস্তানের বেশকিছু গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, ডঃ জাকির নায়েক এবং তার কন্যা জিকরা নায়েক এইডসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এতে প্রশ্ন উঠেছে জাকির নায়েক কি সত্যিই এই মারণব্যধিতে আক্রান্ত হয়েছেন!
তবে এই প্রতিবেদনগুলিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ডঃ জাকির। মালয়েশিয়ার গণমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র সঙ্গে আলাপকালে বিতর্কিত এই আলোচক বলেন, ‘এগুলো আবর্জনা, এটি ভুয়ো খবর। আমার স্বাস্থ্য একেবারেই ভালো। আমার মেয়ে জিকরাও একদম সুস্থ রয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঘৃণা ছড়ানো কয়েকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়াচ্ছে।
নায়েকের আইনজীবী আকবরউদ্দিন জানিয়েছেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের চিন্তাভাবনা করছেন জাকির। তিনি বলেন, ‘নায়েককে অপমান করার জন্য ভুয়া খবরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শেষবার যখন আমি তাঁর সঙ্গে দেখা করি, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।’
উল্লেখ্য, ইসলামিক প্রচারক এবং শান্তির দূত হিসেবে জাকির নায়েক পরিচিত হলেও তার বক্তৃতা প্রায়শই বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৭ সালে তিনি অর্থপাচার ও প্রদাহজনক বক্তৃতার অভিযোগে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় চলে যান। বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) নায়েককে ওয়ান্টেড ঘোষণা করেছে। ২০১৯ সালের মে মাসে ইডি সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তাতে উল্লেখ, নায়েকের ১৯৩ কোটিরও বেশি সম্পদ চিহ্নিত হয়েছে, যার মধ্যে প্রায় ৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব