| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজের পুরো এলাকায় ইরানের নজরদারি, নতুন আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ২০:২৯:৩০:অপরাহ্ন  |  ৪২৭৬ বার পঠিত
হরমুজের পুরো এলাকায় ইরানের নজরদারি, নতুন আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক: আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে কঠোর বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে কঠোর ও তাৎক্ষণিকভাবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

দক্ষিণ ইরানে সেনাবাহিনীর বিভিন্ন অপারেশনাল ইউনিটের যুদ্ধ সক্ষমতা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আকরামিনিয়া। সফরকালে তিনি বন্দর আব্বাস, কোহেস্তাক, উপকূলীয় এলাকা, সিরিক ও জাস্কে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডার, কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ইরানের সামুদ্রিক নিরাপত্তা ও সামরিক নজরদারি ব্যবস্থা সম্পর্কে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো এলাকাই ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে। আঞ্চলিক জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক তৎপরতা পর্যবেক্ষণে ইরানের বাহিনীর অপারেশনাল সক্ষমতা ও প্রস্তুতি অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সেনাসদস্যদের উদ্দেশে আকরামিনিয়া বলেন, বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দীর্ঘ ইতিহাস রয়েছে ইরানের জনগণের। বর্তমানে দেশটির যোদ্ধারা এমন এক শক্তির মোকাবিলা করছেন, যারা নিজেদের বিশ্বের সামরিক পরাশক্তি হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, এমন প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের যোদ্ধাদের দৃঢ় অবস্থান ও প্রতিরোধ জাতীয় ও ধর্মীয় অঙ্গনে এক বিশাল এবং স্মরণীয় গৌরব। অপারেশনাল অবস্থানে সেনাসদস্যদের আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টা শত্রুপক্ষের লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সফরের সময় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যুদ্ধ সক্ষমতা ও প্রস্তুতি পর্যবেক্ষণের পাশাপাশি সদস্যদের মনোবল ও দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন তিনি।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্রের এই বক্তব্যে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা এবং সম্ভাব্য সামরিক সংঘাত মোকাবিলায় তেহরানের কঠোর অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। 

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪