রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
২৫ বিলিয়ন ডলারের পরমাণু প্রকল্প চুক্তি সই করেছে রাশিয়া ও ইরান। এই প্রকল্পের আওতায় ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল শুক্রবার এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এ চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জায়গায় চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে। এই ‘জেনারেশন থ্রি’ চুল্লিগুলো সম্মিলিতভাবে ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহরে ১ গিগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন একটিমাত্র কার্যকর বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা দেশটির জ্বালানি চাহিদার তুলনায় অতি নগণ্য। ইরান অনেক সময় বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হয়। বর্তমানে দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত। এটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। এর উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট।
এমন এক সময় এ ঘোষণা এল, যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার সমর্থিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে চলেছে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়টি অন্তত ছয় মাসের জন্য বিলম্বিত করার আহ্বান জানানো হয়েছে।
গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। ওই সময় ইসরায়েল দাবি করেছিল, ইরান পরমাণু অস্ত্র অর্জনের পথে, যদিও তারা কোনো প্রমাণ দেখায়নি। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করছে যে ইরান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে।
এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও বলেছেন, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না।
এস