লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুর জেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর তেমুহনী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করে। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র সাহাব উদ্দিন সাবু।
সমাবেশে বক্তারা বলেন, ‘আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে হটাতে যুবদলের যে ভূমিকা ছিল তা আমরা ভুলিনি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায়ও যুবদলকে মাঠে থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা