মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ ও কৃত্রিম সংকট রোধে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ডা. মমতাজ সুলতানা, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান শামীমসহ জেলার বিভিন্ন উপজেলার সার ডিলাররা।
মতবিনিময় সভায় উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেন,“মানিকগঞ্জে পর্যাপ্ত সার মজুত রয়েছে। ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিতরণে আমরা অঙ্গীকারবদ্ধ। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।”
সভায় সার সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা বজায় রাখা, অপপ্রচার রোধ এবং ডিলারদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন