কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। ঢাক, কাঁসা ও উলুধ্বনির সঙ্গে উচ্চারিত হবে ভক্তিমন্ত্র, আর তাতে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপ এলাকা।
কোটচাঁদপুরে এখন উৎসবের আমেজ। প্রতিমা ও মণ্ডপ ঘিরে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীরা রং-তুলি হাতে প্রতিমার গায়ে দিচ্ছেন শেষ আঁচড়। এরপরই দেবী কাত্যায়নীর প্রতিমা বসানো হবে আসনে।
শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেব সংঘের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
একজন স্থানীয় ভক্ত জানান, ‘আগে কাত্যায়নী পূজা দেখতে মাগুরায় যেতে হতো। এখন নিজের এলাকায় হচ্ছে, তাই বাইরে যেতে হয় না। এতে আনন্দ আরও বেড়ে গেছে।’
সংঘের সাধারণ সম্পাদক বাঁধন সাহা বলেন, ‘আমরা সবাই মিলে একাত্ম হয়ে এই পূজা আয়োজন করি। এখানকার ভক্তদের বাইরে যেতে হয় না—আমরাই সুন্দরভাবে উৎসব উদযাপন করে থাকি।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা