যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার পদ্মবিলা রেলক্রসিংয়ের সামনে এক বৃদ্ধ পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম গোবিন্দ নাথ রায় (৬০)। তিনি মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত জ্ঞানেন্দ্র রায়ের ছেলে। ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গোবিন্দ নাথ রায় পদ্মবিলা বাজার থেকে হেঁটে রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। রেলক্রসিংয়ের কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ভোররাতে পথচারীরা মরদেহটি সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশে অবহিত করেন। হাইওয়ে পুলিশ নওয়াপাড়া থানা থেকে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রিপোর্টার্স২৪/এসএন