শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত ডাবল এ ইয়ার্ন মিলস লিমিটেডের চারটি ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হঠাৎ এ সিদ্ধান্তে প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা মূল ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ লেখা নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, ‘সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় তারা গত ২৩ অক্টোবর আন্দোলন করেছিলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে বেতন প্রদানের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘আন্দোলনের সময় শ্রমিকরা কারখানার কিছু মেশিন ভাঙচুর করেছিল। তাই বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারার আওতায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের পরবর্তী সিদ্ধান্ত মঙ্গলবার জানানো হবে।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা