কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে দোকান মালিকদের আহাজারিতে আশপাশের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। অনেক দোকান মালিকরা এই ব্যবসার ওপর নির্ভর করে চলে সংসার।
খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসমুল হোসেন বলেন, সকালে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। পরে মুহূর্তের মধ্যে তা আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কুমারখালীর ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছিল। তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/আরকে