চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিককে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জহিরুল ইসলাম মানিক কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ -এর ইউপি ১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারিকরা পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করা হয়। এরপর ওই ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলমকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, তিনি পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত হয়েছিলেন, যার বিরুদ্ধে আদালতে রিট চলমান ছিলো। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
তিনি উপজেলা পরিষদের পাঁচটি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সেবা চলমান রাখতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে তাকে অপসারণ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রশাসকের দ্বায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিক ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পর পর দুইবার নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
রিপোর্টার্স২৪/আরকে