রিপোর্টার্স ২৪ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজশাহীর বাঘায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমান মণ্ডল (৩৬) ও নাজমুল মণ্ডল (২৬) উভয়ই নীচ খানপুর গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ হয়েছেন,একই গ্রামের মুনতাজ মণ্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিহার চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ‘কাকন বাহিনী’ এ হামলা চালিয়েছে। চরাঞ্চলের জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আমান, নাজমুল, মুনতাজ ও রাবিক গুলিবিদ্ধ হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন বলেন, কাকন বাহিনীর লোকজন অস্ত্র নিয়ে এসে জমির দখল নিতে গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজন মারা গেছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা যান। তারা তখন চর এলাকায় খড় কাটছিল।
ডা. নিহার চন্দ্র মণ্ডল বলেন, মুনতাজের শরীরে অন্তত শতাধিক, রাবিকের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে ৩৫টির মতো এবং আমানের মাথাসহ শরীরের পাঁচ স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ব্যবহৃত অস্ত্রগুলো পিস্তল ও রাবার বুলেট হতে পারে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, অগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় কাকন বাহিনীর কোনো সদস্যের বক্তব্য সংগ্রহ করা সমভব ।
রিপোর্টার্স২৪/এসসি