বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান। তিনি যশোরের শার্শা উপজেলায়, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লেঃ মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল ২৮ অক্টোবর ভোরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে আটক আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করে। সে সময় তার ধানের গোলার মধ্যে পলিথিনে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১০,০০০ (দশ হাজার) টাকা। অভিযান শেষে তাকে অস্ত্রসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
রিপোর্টার্স২৪/এসএন