মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।’
আফছানা বিলকিস মাদারীপুর জেলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসন কাজ করছে। এজন্য সাংবাদিক সমাজের সহযোগিতা প্রয়োজন। আপনারা সমস্যাগুলো তুলে ধরবেন, আমরা সমাধানের চেষ্টা করব—এই সমন্বয়ই জেলা উন্নয়নের মূল চাবিকাঠি।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীসহ জেলার পাঁচ উপজেলার শতাধিক সাংবাদিক।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা