নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে আড়াই ঘণ্টা ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চুরি, ডাকাতি, সড়ক দুর্ঘটনা, মাদকের বিস্তার, অবৈধ ইটভাটা ও মাটি কেটে পুকুর খনন, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো (টাইফয়েড টিকাদান কার্যক্রম), কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় উসকানি, মেলা, ইসলামী মাহফিল, রাজনৈতিক সভাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় নওগাঁর শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে হলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে অংশীজনরা মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় লিপিবদ্ধ হওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপগুলো দ্রুতই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক।
এ সভায় গত, পাঁচ বছরে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আনুপাতিক হার তুলে ধরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, গত পাঁচ বছরের তুলনায় চলতি বছর নওগাঁয় অপরাধমূলক কর্মকাণ্ড অনেক কম হয়েছে। এসময় সবার সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতেও নওগাঁর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নওগাঁ সদর উপজেলাসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সভায় সিভিল সার্জন, সেনাবাহিনীর কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য ও ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন, নওগাঁ জেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জেলায় পরিণত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সকল স্তরের মানুষের পারস্পরিক সহযোগিতার কোন বিকল্প নেই। জেলাবাসীকে অহেতুক কোন গুজবে কান না দিয়ে সঠিক তথ্যটি খুঁজে বের করে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করার আহ্বান জানান তিনি।
জেলার প্রতিটি নাগরিককে আধুনিক নওগাঁ বিনির্মাণে এবং প্রতিটি স্তরে শান্তি-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানান জেলার এই প্রধান কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/এসএন