শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা এএ নীট স্পিনিং মিলস লিমিটেড পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে, যা কয়েক ঘণ্টা ধরে যান চলাচলে স্থবিরতা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকাল থেকেই শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় তিন ঘণ্টা থেমে থেমে বিক্ষোভ চলার পর দুপুর পৌনে তিনটার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এএ নীট স্পিনিং মিলসের মানবসম্পদ কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘২৩ অক্টোবর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করে। এতে উৎপাদন ব্যাহত হওয়ায় মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।’
তিনি আরও জানান, ‘মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ ও কারখানা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।’
অন্যদিকে, শ্রমিকদের অভিযোগ,‘ দীর্ঘদিন ধরে বেতন ও ভাতা বকেয়া, পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে। এখন কারখানা বন্ধ হওয়ায় তারা পথে বসেছেন। শ্রমিকরা দ্রুত কারখানা চালুর দাবি জানান।’
শিল্প পুলিশের শ্রীপুর সাবজোনের কর্মকর্তা ওসি আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ করলেও পরে মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ‘শ্রমিকদের প্রতিনিধি দল ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে—আগামী তিন মাসের মধ্যে কারখানাটি পুনরায় চালু করা হবে এবং চলতি মাসের বকেয়া বেতন আগামী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।’
স্থানীয় প্রশাসনের তৎপরতায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের মধ্যে এখনও উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা